News Headline

10/trending/recent

VRINDA

100%  Natural & Fresh Food (FMCG)





Type Here to Get Search Results !

ডোমকলের সমীকরণে কি তৃণমূলের তুরুপের তাস কামরুজ্জামান মন্ডল? প্রার্থী নিয়ে জোর জল্পনা


ডোমকল বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে প্রার্থী নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বাস্তবতা বিচার করলে ডোমকল টাউন প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডলের নাম ক্রমশই শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে বলে দলীয় মহলের একাংশের মত।

দলীয় সূত্রে দাবি, কামরুজ্জামান মন্ডলকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকেও উল্লেখযোগ্য যোগদানের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে কংগ্রেসের অন্তত পাঁচ থেকে সাতজন ব্লক স্তরের নেতা তাঁদের সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা চলছে। এর মধ্যে সরণপুর ৫ নম্বর অঞ্চল থেকেই এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক দলে যোগ দিতে পারেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

তৃণমূলের অন্দরের একাংশের মতে, তাঁর প্রার্থিতা দলীয় ঐক্য মজবুত করতেও সহায়ক হতে পারে। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী লবির একাধিক নেতাও কামরুজ্জামান মন্ডলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন জানাতে আগ্রহী বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা কমে গিয়ে সংগঠনকে একত্রিত করে নির্বাচনী লড়াইয়ে নামার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সংগঠনিক দিক থেকেও কামরুজ্জামান মন্ডলের সমর্থনভিত্তি যথেষ্ট শক্তিশালী বলে দাবি দলীয় সূত্রের। জানা গিয়েছে, অন্তত ১৭ জন প্রাক্তন কাউন্সিলর, ৪ জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদ সদস্য এবং প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য ইতিমধ্যেই তাঁর পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে নির্বাচনের আগে একটি সুসংগঠিত ও স্থিতিশীল সংগঠন গড়ে তোলা সহজ হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

তবে অন্যদিকে সম্ভাব্য কিছু ঝুঁকির কথাও সামনে আসছে। স্থানীয় সূত্রে খবর, যদি আবারও বর্তমান বিধায়কের পরিবারের কাউকে—বিশেষ করে তাঁর ভাই জাকির হোসেনকে—প্রার্থী করা হয়, তাহলে তা ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। মাঠপর্যায়ের কিছু রিপোর্টে এমন সিদ্ধান্তকে “ঝুঁকিপূর্ণ” বলেও উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে সামিম শেখ ওরফে রুবাইয়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, তাঁর এখনও তেমন শক্তিশালী সাংগঠনিক ভিত্তি বা বিস্তৃত রাজনৈতিক যোগাযোগ তৈরি হয়নি, যা একটি কঠিন নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক সমীকরণ, সংগঠনের সমর্থন এবং সম্ভাব্য দলীয় ঐক্যের নিরিখে কামরুজ্জামান মন্ডলই ডোমকল বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের সম্ভাব্য শক্তিশালী মুখ হিসেবে উঠে আসছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত দলীয় শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Post a Comment

0 Comments

IPL 2024 LIVE

CRICKET- LIVE SCORE